↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ মে ২০২৫, ১০:২৬ পি.এম

টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

টাঙ্গাইলে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ও ডামি নির্বাচনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর থানা আমলি আদালতে কামরুল হাসান (৫৫) নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী ও টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান খান জানান, মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলামসহ আরও অনেকে। মামলায় অভিযোগ করা হয়, ভারতের নির্দেশে শেখ হাসিনা ও অন্যান্য আসামিরা ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচন আয়োজন করেন এবং ভূঞাপুরের একটি কেন্দ্রে ভোটারদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মামলায় বলা হয়, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পুলিশ ও কর্মকর্তাদের সহায়তায় ভোট ডাকাতি করা হয়, যার ফলে জনগণ ও দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে।