ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে তবে ফ্যাসিজম রয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।” রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। এতে নির্বাচন কমিশনের সক্ষমতার বিষয়টি জাতির কাছে স্পষ্ট হবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করি সরকার সব রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র পাস’ করবে এবং তার ভিত্তিতে মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করবে।” জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। আমাদের লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি বলেন, “দেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের ওপর কোনো প্রকারের আধিপত্য আমরা মেনে নেব না। আমাদের অবস্থান পরিষ্কার। সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।”
জামায়াত আমির আরও উল্লেখ করেন, “২০০৮ সালে আমরা নির্বাচন কমিশনের শর্ত মেনে নিবন্ধিত হয়েছিলাম। কিন্তু আদালতের রায়ের মাধ্যমে আমাদের নিবন্ধন বাতিল করা হয়। তবে ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করেছে। আমরা আশা করছি দ্রুত আমাদের নিবন্ধন ও প্রতীক পুনরুদ্ধার করা হবে।” তিনি অতীতের রাজনৈতিক নিপীড়ন নিয়ে বলেন, “অনেক মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আয়নাঘরে বন্দী রেখে বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। সাংবাদিক সমাজও এর থেকে রেহাই পায়নি। সাগর-রুনীর হত্যাকাণ্ড এখনো বেদনাদায়ক।”
সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ফ্রান্স, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়া হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এবং ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমসহ কেন্দ্রীয় নেতারা।