↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পি.এম

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে দেশীয় পর্যবেক্ষকদের তালিকা ইসিতে জমা দিতে হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে তিনি এ তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, ২০২৬ সালে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে এবং কেউ বাধা দিলে তাকে ছাড় দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতিসমৃদ্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পর্যবেক্ষকদের অবশ্যই রাজনৈতিক নিরপেক্ষ হতে হবে। তিনি জানান, কোনো বিদেশি নাগরিক দেশীয় কোনো সংস্থার প্রতিনিধিত্ব করে পর্যবেক্ষণ করতে পারবেন না; তাদের নিজস্ব নিয়মে বিদেশি পর্যবেক্ষক হিসেবেই অনুমতি নিতে হবে।

ইসি জানায়, নির্বাচনের আগের দিন, ভোটের দিন এবং পরের দিন— তিন দিন পর্যবেক্ষকের দায়িত্ব পালিত হবে। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে এবার পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

সিইসি বলেন, “ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চাই।”