মুহূর্তেই ছবি আসল নাকি এআই—জেনে নিন গুগল জেমিনিতে

অনলাইনে এখন এমন সব ছবি দেখা যায়, যা আসল নাকি এআই–তৈরি—তা বোঝা প্রায় অসম্ভব। কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, ই-কমার্স ব্যবসায়ী কিংবা সাধারণ ব্যবহারকারীদের জন্যই ছবির সত্যতা যাচাই করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
কারণ, আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করে যে তা প্রায় আসল ক্যামেরায় তোলা ছবিকেও হার মানায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছেন, যা সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রবাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
এই সমস্যা মোকাবিলায় গুগল জেমিনি অ্যাপে যুক্ত হয়েছে অত্যাধুনিক একটি সুবিধা। জেমিনিতে ছবি আপলোড করে “Was this created by Google AI?” বা “Is this AI generated?” প্রশ্ন করলেই কয়েক সেকেন্ডে জানা যাবে ছবিটি গুগলের কোনো এআই টুল দিয়ে তৈরি বা সম্পাদিত কি না।
জেমিনির উন্নত SynthID প্রযুক্তি ছবির ভেতরে লুকানো ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করে ছবির উৎস ও তৈরির পদ্ধতি সম্পর্কে তথ্য দেয়। ফলে ছবি সম্পাদনা করা হলেও উৎস শনাক্ত করা সম্ভব হয়।
গুগলের এই নতুন প্রযুক্তি অনলাইনে ভুয়া ছবি ছড়ানো কমাতে এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।