গণভোটের ব্যালট আলাদা রঙে হবে: আইন উপদেষ্টা

গণভোটে ভোটারদের সুবিধার জন্য ব্যালটপত্র আলাদা রঙে ছাপানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট অধ্যাদেশের গেজেট আজ অথবা আগামীকাল প্রকাশ হতে পারে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, গণভোটে থাকবে একটি প্রশ্ন—ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ জানাতে হবে। জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। যাতে কেউ বিভ্রান্ত না হন, সেজন্য গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা রঙে করা হবে।
তিনি আরও জানান, সংসদ নির্বাচনে দায়িত্ব পাওয়া রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং অফিসাররাই গণভোটের দায়িত্ব পালন করবেন। ঐকমত্য হওয়া ৩০টি সংস্কার প্রস্তাবসহ চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।
এর আগে ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইন নীতিগতভাবে অনুমোদন দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।