↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর ২০২৫, ৫:৩২ এ.এম

নির্বাচনে অংশ নিতে আগামী সপ্তাহে দুই উপদেষ্টার পদত্যাগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের দুই সদস্য—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম
আগামী সপ্তাহেই পদত্যাগ করতে যাচ্ছেন। তারা তফসিল ঘোষণার আগেই দায়িত্ব ছাড়বেন বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুজনই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের অন্তর্ভুক্ত। পদত্যাগের পর তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ছেড়ে দেওয়া আসনে নির্বাচন করতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে মৌখিকভাবে জানানো হয়েছে।

সূত্রমতে, ১০ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। সম্ভাব্য নির্বাচন তারিখ হিসেবে ৮ ফেব্রুয়ারি আলোচিত হচ্ছে।

জোট রাজনীতিতে অস্থিরতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কয়েকটি দলের জোট গঠনের বিষয়ে বুধবার রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক হয়। তবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’কে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে আলোচনা থেমে যায়।
৪০ নেতার মধ্যে মাত্র ৩ জন এ প্রস্তাবের পক্ষে মত দেন। বেশিরভাগ নেতা বিএনপির সঙ্গে জোট বা স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। ফলে জোট নিয়ে এনসিপিতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

উপদেষ্টাদের বক্তব্য

এক অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন,
“নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নীতিগত কারণে পদত্যাগ করেই নির্বাচন করব। কোন দল থেকে করব, এখনো ঠিক করিনি।”
তিনি আরও জানান, শুধু দুজন নয়, আরও কয়েকজন উপদেষ্টাও নির্বাচনে অংশ নিতে পারেন। তিনি কুমিল্লা থেকে ঢাকা-১০ আসনে ভোটার হয়েছেন, এবং ধারণা করা হচ্ছে তিনি এই আসন থেকে নির্বাচন করতে পারেন।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও বিভিন্ন সময়ে পদত্যাগ নিয়ে বক্তব্য দিয়ে আসছেন। তার কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে সরকারের নীতিনির্ধারণী মহলে অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

এদিকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সক্রিয় কিছু ব্যক্তির নেতৃত্বে চলতি বছরের ৯ মে যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। দলের নেতৃত্বে রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতা।