ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়বে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। এই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত স্বৈরাচারের আমলে অনেক আত্মত্যাগ এবং চড়াই-উতরাই পার করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশন গঠিত হয়, যে কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সনদে স্বাক্ষর করে বিএনপি। তিনি আশা প্রকাশ করেন, এই নতুন বাংলাদেশে একটি নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করায় বিএনপি তাতে আশাবাদী। জনগণ তাদের মতামত দিয়ে তাদের সংসদ নির্বাচন করবে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে।” তিনি যোগ করেন, সুযোগ পেলে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। তিনি হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বলেন, চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার জন্য সবার দোয়া কামনা করেন।
এছাড়াও, রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, রেজা কিবরিয়া শুধু তার এলাকা নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এবং তার মেধা ও দক্ষতা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।