↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর ২০২৫, ৫:৩৭ এ.এম

যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের উদ্যোগে খুলনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশবাসীকে রক্ষার জন্য খুলনার একাধিক স্থানে খতমে কুরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত সাবেক ছাত্রদলের সভাপতি পারভেজ মল্লিকের উদ্যোগে এই কর্মসূচিগুলো পালিত হয়।

খুলনা জেলার তেরখাদা ইখড়ী আল মুহিত হিফজখানা, এতিমখানা ও নুরানী মাদ্রাসায় এবং দিঘলিয়া-রূপসার কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীকে সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা জানানো হয়। খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কে এম মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাকু, শেখ লালিম, গোলজার আলম, দেলোয়ার, এনামুল এবং আজিজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে একাত্মতা ও উৎসাহ লক্ষ্য করা যায়।