↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর ২০২৫, ৫:১৭ এ.এম

সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।

এর আগে, গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য তাঁর আরও সময় প্রয়োজন বলে জানানো হয়েছে।

এদিকে, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া, তাঁর পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন।