এভারকেয়ার হাসপাতালের পাশে সেনাবাহিনী-বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই মহড়া চলবে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জনসাধারণকে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে তাঁকে সিসিইউতে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর চিকিৎসা তদারকি করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে স্থানান্তরের পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যই এই মহড়া বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকে এসএসএফ তাঁর নিরাপত্তা নিশ্চিত করছে।