↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ পি.এম

রাজাকার ও আলবদরদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি দলকে ইঙ্গিত করে এবং আওয়ামী লীগকে লক্ষ্য করে এসব বিস্ফোরক মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা আল বদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা স্বাধীনতার সময় বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে।

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “আওয়ামী লীগ এটা অসভ্য দল। তাদের (রাজাকার ও আলবদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। কারণ তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না।” তিনি আরও বলেন, “বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় বিশ্বাস করে না। শুধু মুসলমানের লেবাস আছে।”

মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে। মির্জা আব্বাস দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।