বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পরিকল্পনা

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আগামীকাল শুক্রবার রওনা হতে পারেন। এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসকসহ মোট ১৬ জন তাঁর সঙ্গে থাকার কথা রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি ও বিদেশে পাঠানোর বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে জানাবেন।
সংকটাপন্ন অবস্থা: ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে আছেন তিনি। গত ২৭ নভেম্বর থেকে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন, তবে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উদ্বেগজনকভাবে ওঠানামা করছে।
বুধবার রাতে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিডনি কার্যক্রম সচল রাখতে বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে। তবে তাঁর হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। সমস্যাগুলোর একটির সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিদর্শন: বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও তাঁকে দেখতে গিয়েছিলেন এবং জানান, উপদেষ্টার ডাকে বিএনপির চেয়ারপারসন ইশারায় সালামের জবাব দিয়ে সাড়া দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসেছেন। বুধবার সকালে যুক্তরাজ্য থেকে আসা ডা. রিচার্ড বিলিসহ তিন দিন আগে আসা চীনা বিশেষজ্ঞ চিকিৎকদের নিয়ে মেডিকেল বোর্ড রাতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে।
বুধবারও রাজধানীসহ সারা দেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দলটির নেতাকর্মীরা।