↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পি.এম

বেগম খালেদা জিয়াকে নিয়ে যেতে ঢাকায় ডা. জোবাইদা রহমান; এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান অবশেষে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সমন্বয় শুরু করেন।

এর আগে, এদিন সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।

এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি, যাত্রা রোববার

ডা. জোবাইদা রহমানের আগমন ঘটলেও, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা আপাতত বিলম্বিত হচ্ছে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি আজ ঢাকায় আসছে না।

তিনি বলেন, “যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেয়, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।”

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।