↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭ পি.এম

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রুহুল কবির রিজভী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি তাদের সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। তিনি বলেন, বড় ধরনের কোনো সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা ‘পারিবারিক ব্যাপার’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, “এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।”

এছাড়াও, তিনি দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি অস্বীকার করে বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন এবং এতে আর কোনো ভেদাভেদ থাকবে না।

এর আগে কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু এবং ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইউনুছ আলীসহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।