↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ ডিসেম্বর ২০২৫, ৭:০৭ পি.এম

‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন, কারাগারেই তার রোগের সূচনা’: মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, তাঁর কারাজীবন থেকেই রোগের সূচনা এবং সেখানে চিকিৎসার অভাবে তাঁর অসুস্থতা গুরুতর রূপ নেয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের সব মানুষ দল-মত নির্বিশেষে এই মহান নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তাঁর অভিভাবকত্বে আমরা যেন উৎরে যেতে পারি, সেজন্য দেশের জনগণ আল্লাহ তায়ালার কাছে আকুতি করেছেন।”

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রীর সুস্থতার জন্য চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন।”

তিনি নিশ্চিত করেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।”

তিনি স্পষ্ট করে বলেন, খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। সে কারণে তিনি ফ্লাই করার জন্য উপযুক্ত কিনা, সেই বিষয়ে চিকিৎসকরা নিশ্চিত করলে তারপর তাকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া হবে।

বিএনপি মহাসচিব পরিশেষে দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন।