বিএনপি সরকার গড়লে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে অর্থনীতি এবং অর্থায়নের মডেলে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হবে, যার মাধ্যমে ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই নতুন মডেলে ঋণের জন্য বিশ্ব ব্যাংক বা আইএমএফের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পেছনে ঘুরতে হবে না।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর খামার বাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) এবং ইয়ুথ স্কুল ফর সোশ্যাল এন্ট্রেপ্রেনিউরার্স (ওয়াইএসএসই) আয়োজিত জাতীয় যুব নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “আমাদের ইকোনমিক মডেলটা চেঞ্জ হবে, আমাদের অর্থায়নের মডেলও চেঞ্জ হয়ে যাবে। আমরা চার বিলিয়ন ডলারের জন্য আইএমএফের পিছে পিছে ঘুরে বেড়াব না, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি।”
উল্লেখ্য, আর্থিক সংকট সামাল দিতে বাংলাদেশ সম্প্রতি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি করে, যা পরে ৫.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ইতোমধ্যে ঋণের পাঁচটি কিস্তি ছাড় করেছে আইএমএফ।
অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে তিনি আরও বলেন, “নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও তথ্যপ্রযুক্তি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য না। আমরা প্রত্যেকে কিছু হোমওয়ার্ক করেছি, বিস্তারিত হোমওয়ার্ক করেছি এবং কোন কোন সেক্টর থেকে অর্থায়ন করব, সেটা আমরা ঠিক করেছি।”
ডিএফআই-এর চিফ স্ট্র্যাটেজিস্ট আশফাক জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রায় আড়াইশ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।