‘আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে’: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাফন-কাফন খুলে মাঝেমধ্যে একটু চিৎকার করে।”
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আটটায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ এ সময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এ রকম স্বৈরাচার, সামরিক শাসক, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।”
গণতন্ত্র রক্ষায় বিএনপি, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এছাড়া খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের সাফল্য, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু এবং সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা—এসব অর্জনও বিএনপির নেতৃত্বেই হয়েছে।
অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, “তাঁরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন, একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।”
পথসভায় মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরাসহ জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে সালাহউদ্দিন আহমদ কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, বরইতলী, সাহারবিল, ঢেমুশিয়া ও বদরখালী এলাকায় গণসংযোগ করেন এবং চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছারুল ইসলাম চৌধুরীর জানাজায়ও অংশ নেন।