↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৪ এ.এম

শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস (৬ ডিসেম্বর) উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার দু:শাসনে অবিরাম নির্যাতনের কষাঘাতে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে। তিনি আল্লাহর কাছে তাঁর আশু সুস্থতা কামনা করেন।

তারেক রহমান বলেন, আজকের এ দিনে আমি ‘৮২ থেকে ৯০’ পর্যন্ত রক্তস্নাত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ নয় বছর খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন এবং এরই ধারাবাহিকতায় ‘৯০-এর ৬ ডিসেম্বর ছাত্র-জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে গণতন্ত্র মুক্ত হয়েছিল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐতিহাসিক এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সংযোগ ঘটিয়ে বলেন, সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ঐতিহাসিকভাবেই গণতন্ত্রের ভয়ংকর শত্রু হিসেবে অভিহিত করেন।

তারেক রহমান গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দু:শাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছি। আর এই আন্দোলনের প্রধান নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে ইতিহাসের ভয়ঙ্করতম নির্যাতন, যার ফলে আজ তাঁকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কঠিন সময় পার করতে হচ্ছে।