↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ পি.এম

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা এবং সামনের নির্বাচন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা হিসেবে আসবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে সমস্যা থাকলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো অবস্থা। তবে পুলিশকে সংহত থাকতে হবে, কারণ সামনে নির্বাচন তাদের জন্য বড় পরীক্ষা।

তিনি প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। তিনি বলেন, “ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আমাদের যেতে হবে।”

দুটো সেক্টরে বেশি গুরুত্ব দেওয়া দরকার উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, একটা শিক্ষা ও অন্যটি স্বাস্থ্য। তিনি স্বীকার করেন, বাইরের দেশে এই দুটি খাতে বেশি গুরুত্ব দেওয়া হলেও আমরা পারছি না, তবে চেষ্টা চলছে।

তিনি স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, ডাক্তার নার্স সমস্যার নিরসনের অংশ হিসেবে এই স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেট বাড়ানো হয়েছে, যার ফল আগামী বছর দেখা যাবে। তিনি আশা করেন, বর্তমান সরকার কিছু প্রকল্প শুরু করেছে, পরের সরকার তা ধরে রাখবে।

আলু রপ্তানির বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে সরকার ভাবছে, তবে এটি সহজ নয়। তিনি জানান, পৃথিবীতে দুই একটা দেশই নিয়মিত আলু আমদানি করে।

এছাড়াও তিনি কৃষক পর্যায়ে বিদেশে মানবসম্পদ রপ্তানির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে। দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে দেশের জন্য ভালো। বিশেষ করে, বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে এবং দক্ষ নার্সরা বিদেশে গেলে ভালো বেতন পেতে পারেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।