↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৯ এ.এম

হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানালেন সাবির আহমদ চৌধুরী।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলীয় সিদ্ধান্তকে ‘সম্মানের সঙ্গে’ মেনে নেওয়ার কথা জানিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

মূল বিষয়বস্তুঃ
• হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী
• ৪ ডিসেম্বর দলীয় মহাসচিবের প্রেস ব্রিফিংয়ে ড. রেজা কিবরিয়াকে প্রার্থী ঘোষণা
• দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ড. রেজা কিবরিয়াকে অভিনন্দন জানিয়েছেন তিনি
• ধানের শীষের পক্ষে নবীগঞ্জ-বাহুবলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
• দীর্ঘদিন তাকে সমর্থন ও সহযোগিতা করায় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বিস্তারিত খবরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তবে শেষ পর্যন্ত এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সদ্য দলে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নাম ঘোষিত হওয়ায় তিনি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী জানান, তিনি প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বিএনপির একজন কর্মী হিসেবে রাজনীতি করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় হাইকমান্ডের আস্থাভাজন হয়ে নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে পরপর দুইবার ধানের শীষ প্রতীক পেয়েছিলেন। তার দাবিতে, ওই দুই নির্বাচনে ‘ফ্যাসিস্ট সরকারের আমলেও’ তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল তার। কিন্তু ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তকে তিনি দলের উচ্চপর্যায়ের যৌথ মতামতের প্রতিফলন হিসেবে দেখছেন।

আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পোস্টে স্পষ্ট ভাষায় জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাইকমান্ড যখন ড. রেজা কিবরিয়াকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন, তখন একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি এই সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিচ্ছেন। ব্যক্তিগত জনপ্রিয়তা যতই থাকুক না কেন, দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রদর্শন করা তার জন্য বাধ্যতামূলক বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে নবীগঞ্জ-বাহুবল এলাকায় তাকে কেন্দ্র করে যে সমর্থন ও প্রচার-প্রচারণা গড়ে উঠেছিল, সেই প্রসঙ্গ টেনে তিনি নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লেখেন, বহুদিন ধরে যেসব রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, প্রচারণা চালিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ।

একই সঙ্গে তিনি নবীগঞ্জ-বাহুবল এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং তার ব্যক্তিগত সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এখন সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় প্রার্থীর পক্ষে সকলে মাঠে থেকে কাজ করলে তবেই চলমান রাজনৈতিক লড়াইয়ে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে মন্তব্য করেছেন তিনি।

তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্যের উদাহরণ হিসেবে দেখছেন। এখন নবীগঞ্জ-বাহুবলে বিএনপিপন্থী নেতাকর্মীরা কীভাবে দলীয় প্রার্থীর পক্ষে সংগঠিত হন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহের সৃষ্টি হয়েছে।