ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা ধর্মভীরু মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাসী নন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।
রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে। তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সাইবারওয়ারে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। আওয়ামী লীগের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে।
বিএনপি মহাসচিব তরুণ সমাজের মন-মানসিকতার পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায় এবং সবার মধ্যে ‘নতুন বাংলাদেশের’ চিন্তা এসেছে।
তিনি মন্তব্য করেন, “পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না।” এ সময় তিনি এই নতুন চিন্তার আলোকে বিএনপিকেও তৈরি করার আশাবাদ ব্যক্ত করেন।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাঁর চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে চিকিৎসা সেবা দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, এতো মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন।