ফের শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা রহমান

রাজধানীর ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে ফের শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান।
রুমন জানান, ডা. জোবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখতে যান। এরপর থেকেই তিনি ধানমন্ডির পৈত্রিক বাড়ি (মাহবুব ভবন) এবং হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন।
জানা গেছে, রাতে তিনি পারিবারিক বাড়িতে অবস্থান করলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। আজ সকালেও তিনি নিয়ম মেনে হাসপাতালে যান।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে এবং ডা. জোবাইদা রহমানও ওই বোর্ডের সদস্য হিসেবে চিকিৎসার সার্বিক তদারকি করছেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছিলেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ‘ফিট-টু-ফ্লাই’ সিদ্ধান্তের পরই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।