↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর ২০২৫, ৭:০৫ পি.এম

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতাদের শ্রদ্ধা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের কয়েকজন নেতা।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড্যাব নেতারা। এ সময় সেখানে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

আয়োজকরা এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে জাতির দায়িত্ব পালনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে প্রায় তিন শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারাও উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকসহ ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. আজহারুল ইসলাম এবং ডা. এমদাদুল হক ইকবাল-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।