প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যেই ইসলামী আন্দোলনের নেতা স্থায়ীভাবে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন বোর্ডের দেওয়া আসনের বাইরে অন্য আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় কঠোর শাস্তির মুখে পড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদার।
নিজেকে অন্য আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী থেকেও তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে কেন্দ্র থেকে পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবে নিজেকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বহিষ্কারের সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং ৮ ডিসেম্বরের জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করে বলেন, দলের আমীর যে সিদ্ধান্ত নিয়েছেন—তা সঠিক। মুফতি হাবিবুর রহমানের এই ঘোষণা স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।