মালয়েশিয়ার তেরেঙ্গানুতে দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ অনিবন্ধিত অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এই অভিযানে গ্রেফতারকৃতদের বেশিরভাগই ছিলেন নির্মাণ শ্রমিক।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে পরিচালিত হয়।
মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জন বাংলাদেশি অভিবাসীর ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায় এবং তাঁদের গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে:
- ২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে।
- ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায়।
- ২ জনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে:
- ইন্দোনেশিয়া: ৫ জন
- বাংলাদেশ: ৫ জন
- থাইল্যান্ড: ৩ জন
- মিয়ানমার: ১ জন
গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।