‘পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান’: ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একজন মেজর হয়েও পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেড় হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগের বিশাল রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদের দাবি করেন, সেদিন সেই নেতারা তো সাহস করে দাঁড়াতে বা বিদ্রোহ ঘোষণা করতে পারেননি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জিয়াউর রহমানই কালুরঘাট বেতারকেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
শহীদ জিয়াউর রহমান কিছু কুচক্রীর হাতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সেই কঠিন সময়ে বিএনপির হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।
মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং অসহায় ১৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।