‘বিএনপি ক্ষমতায় এলে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে’: সাতক্ষীরা-৩ আসনে প্রার্থী কাজী মো. আলাউদ্দীন

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রামের বারুণী মন্দির মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
কাজী আলাউদ্দীন সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে বলেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরাও তেমন সুরক্ষা পাবেন। তিনি উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানান, তারা যেন জামায়াতে ইসলামীর ধোঁকাবাজির ফাঁদে পা না দেন। দেশের উন্নয়ন এবং উৎপাদনে অংশ নিতে তিনি বিএনপিকে ভোট দেওয়ার পরামর্শ দেন।
বিএনপি মনোনীত এই প্রার্থী ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ওই সময়ে কালীগঞ্জ উপজেলায় তিনি ব্যাপক উন্নয়নকাজ করেছিলেন। কাজী আলাউদ্দীন বলেন, তিনি কালীগঞ্জের প্রায় সব অলিগলির রাস্তা কার্পেটিং করেছেন। এছাড়া কাজী আলাউদ্দীন হাইস্কুল, ডিগ্রি কলেজ, কাকশিয়ালি ব্রিজসহ অসংখ্য উন্নয়ন এবং সুপেয় পানি, বিদ্যুতায়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলেন।
তিনি আরও দাবি করেন, সৎ ও ন্যায়পরায়ণ হওয়ার কারণে প্রশাসন তাঁকে ‘যমের মতো ভয় পেত’ এবং তিনি কালীগঞ্জকে দুর্নীতি–সন্ত্রাসমুক্ত করতে পেরেছিলেন। জনগণের কাছে পুনরায় সুযোগ পেলে তিনি আশাশুনি ও কালীগঞ্জকে আরও উন্নত করবেন এবং আশাশুনি উপজেলায় একটি ইকোনমিক জোন স্থাপন করারও প্রতিশ্রুতি দেন।
বারুণী মন্দিরের সভাপতি মৃন্ময় মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে সহসভাপতি বিশ্বজিৎ মল্লিক সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পূজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড়সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।