ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে পৌঁছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। চিকিৎসকদের কাছ থেকে তাঁর বর্তমান চিকিৎসা এবং শারীরিক অবস্থা সম্পর্কে তিনি অবগত হন।
জানা গেছে, শরিফ ওসমান হাদিকে দেখতে যাওয়ার আগে বিএনপি মহাসচিব একই হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান। এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয় নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক মহলে তীব্র নিন্দা ও উদ্বেগ বিরাজ করছে।