↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ পি.এম

‘হাসিনার নির্দেশেই ছাত্রলীগ হাদিকে গুলি করেছে’: অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে, স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট দুলু তাঁর বক্তব্যে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন। তিনি নিশ্চিত করেন, হামলাকারী হলো ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি।

দুলু বলেন “এ ঘটনার সঙ্গে হাসিনা ও পুরো আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা চেষ্টা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর অপচেষ্টা করেছে।” তাঁর মতে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে।

দুলু বলেন “পরাজিত শক্তি বার বার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা করবে।” তিনি দলের নেতাকর্মী ও জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত সকলের প্রতি আহ্বান জানান । দুলু আরও বলেন “আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।