↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৫, ৫:২০ এ.এম

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক ও উদ্বেগ প্রকাশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনআইএসএফএ) একটি ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় মর্মাহত হয়ে শোক প্রকাশ করেন।

তারেক রহমান তার পোস্টে জানান, “সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”

তিনি শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী বীর সেনাসদস্যরা দেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহত সেনাসদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ তাকে সবসময় অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন। তারেক রহমান আরও বলেন, এই চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা পালন করা জরুরি বলে তিনি মনে করেন।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, যেন তিনি বীর সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। সুদানের সংঘাতপূর্ণ এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।