↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ এ.এম

ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে, ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিতে পারে: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যেকোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মী ও দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করেছেন যে ষড়যন্ত্র থেমে নেই, বরং তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি জোর দিয়েছেন।

শনিবার সন্ধ্যায় লন্ডনে থেকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

ষড়যন্ত্র ও ঐক্যের গুরুত্ব

বিএনপির সাত দিনব্যাপী আলোচনা সভার সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি এক বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।” তিনি গত কয়েক দিনের ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা উল্লেখ করে বলেন, এই ঘটনা প্রমাণ করছে যে ষড়যন্ত্র বাস্তবে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে।”

বিভিন্ন সূত্র থেকে খবর উল্লেখ করে তারেক রহমান বলেন, “যেই ষড়যন্ত্রগুলো চলছে… এটা আরও খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে। আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নির্বাচন নিশ্চিত করার আহ্বান

নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার চায়। তিনি বলেন, “আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি আমরা যত তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা একমাত্র জনগণেরই আছে।

দেশ পরিচালনা ও দেশ গঠনের প্রশ্নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি দাবি করেন, এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছে দেশ পরিচালনার বা দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, একমাত্র বিএনপির কাছেই নারীদের স্বাবলম্বী করা, কৃষকের অর্থনীতি শক্তিশালী করা, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা, তরুণদের কর্মসংস্থান এবং পরিবেশ রক্ষাসহ সব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান উপস্থিত নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যে রকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে।”

তিনি দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মনোনয়ন না পাওয়া নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ব্যক্তি স্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপসহীন থাকেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, “এই মুহূর্তে কোনটি বড়—দল না ব্যক্তি? ব্যক্তির চেয়ে অবশ্যই দল বড়,” বলে তিনি নিজেই উত্তর দেন।