স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে পারেনি: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি এবং দেশের শত্রু হিসেবে চিহ্নিত ছিল, স্বাধীনতার পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেয়ে সাধারণ ক্ষমা হিসেবে তারা যে সম্মান পেয়েছিল, তা তারা রক্ষা করতে পারেনি। তিনি বলেন, তারা সাধারণ ক্ষমাকে অবমূল্যায়ন করেছিল এবং কখনো আওয়ামী ফ্যাসিস্টের সঙ্গে ও কখনো আওয়ামীবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এই প্রার্থী বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান যদি সেদিন ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের যদি নেতৃত্ব না দিতেন এবং রণাঙ্গনে অস্ত্র হাতে যদি যুদ্ধ না করতেন, তাহলে স্বাধীন বাংলাদেশ আজও হয়তো প্রশ্নবিদ্ধই থেকে যেত।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই-যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, পরবর্তীতে জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর খালেদা জিয়া আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশের হাল ধরেছিলেন এবং পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি জিয়াউর রহমানকে জনপ্রিয় রাষ্ট্রপতি এবং খালেদা জিয়াকে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।
এ সময় লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।