দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ: নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগে আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) লন্ডনে তাঁর শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এক আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
লন্ডনের স্থানীয় নেতারা জানিয়েছেন, দেশে ফেরার আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি। এ অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়েই যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। তবে সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করার দায়িত্বে থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এছাড়াও, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন। উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারো’র রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর থেকে সেখানেই অবস্থান করছেন।