↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর ২০২৫, ৪:৪৯ পি.এম

তারেক রহমানকে বরণ করতে বিএনপির অভ্যর্থনা কমিটি গঠন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানাতে একটি বিশেষ কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির ১০টি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবেরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে জানান, তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছেন। এই আগমনকে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রত্যাবর্তন পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ২৫ ডিসেম্বর তারেক রহমান বিমানবন্দরে নামার পর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত দীর্ঘ পথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাবেন।

দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর রোডের একটি বাসায় উঠবেন, যা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। এছাড়া, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাঁর বসার জন্য প্রয়োজনীয় কক্ষ প্রস্তুত করার কাজ চলছে।