↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২৫, ৫:২২ এ.এম

রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর লালবাগ থানাধীন ইসলামবাগ চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ওই গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৩০ মিনিটে তারা আগুনের সংবাদ পান এবং প্রথম ইউনিট ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি এবং সদরঘাট ও ফায়ার সার্ভিস অধিদপ্তরসহ মোট ১১টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়।

দীর্ঘ সোয়া দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্লাস্টিকজাত দ্রব্য হওয়ায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা আগুনের চারপাশ ঘিরে ফেলেছে যাতে এটি আর অন্য কোথাও ছড়াতে না পারে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের দ্বিতীয় তলার গোডাউন থেকে আগুন দ্রুত ওপরের তলার একটি আবাসিক ফ্ল্যাটে ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। স্বেচ্ছাসেবক বিভিন্ন সংগঠনের সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন।

বঙ্গবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার রাফি জানিয়েছেন, আগুন এখন আর বাড়ার আশঙ্কা নেই। তবে ধোঁয়া ও সুপ্ত আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।