↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর ২০২৫, ২:২৬ এ.এম

ওসমান হাদির মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, “ওসমান হাদির ওপর হামলা এবং পরবর্তীতে তাঁর মৃত্যু সেই ষড়যন্ত্রমূলক অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

বিএনপি মহাসচিব আরও বলেন, যারা গণতন্ত্র, ভোট ও নির্বাচনের শত্রু, তারাই হাদিকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। দেশ ও জাতিকে গভীর সংকটে নিমজ্জিত করতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সন্ত্রাসী অপশক্তিকে কঠোরভাবে দমন করা ছাড়া বিকল্প নেই। অন্যথায় ষড়যন্ত্রকারীরা দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা আরও জোরদার করবে।

বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মির্জা ফখরুল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তিনি সরকারকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি।