ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির শাহাদাত বরণের ঘটনায় আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।” শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ড. ইউনূস আরও জানান, আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। একই সাথে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তাঁর স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন যে, হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের ভবিষ্যৎ ও সকল দায়িত্ব সরকার গ্রহণ করবে। তিনি হাদির শোকসন্তপ্ত স্বজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান ওসমান হাদি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক শোকের আবহাওয়া বিরাজ করছে।