↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর ২০২৫, ১:৪৮ এ.এম

ওসমান হাদি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর: তারেক রহমানের শোক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শাহাদাত বরণের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শোকবার্তা জানান।

তারেক রহমান তাঁর বার্তায় লেখেন, “আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করেন।” তিনি আরও বলেন, হাদির এই অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে, রাজনৈতিক সহিংসতা সমাজ ও রাষ্ট্রের জন্য কত বড় মানবিক মূল্য দাবি করে।

হাদির অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী যিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় হাদি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন।

বিএনপির এই শীর্ষ নেতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।” তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তারেক রহমান হাদির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি।