‘স্বাধীনতা অর্জনে মূল অবদান জিয়াউর রহমানের’: সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানই প্রধান। তিনি দাবি করেন, জিয়াউর রহমান তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, যেখানে শেখ মুজিব দেশের মানুষকে দ্বিধাদ্বন্দের মধ্যে ফেলেছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের একটি রেস্তোরাঁয় জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভার অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন টুকু বলেন, দেশের একটি ক্ষুদ্র অংশ স্বাধীনতার বিপক্ষে থাকলেও জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের জনগণ সব আন্দোলনে বিজয় অর্জন করেছে। তিনি বিগত দিনের রাজনৈতিক ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ১৯৮৬ সালে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা ‘জাতীয় বেইমান’। অথচ তার পরের দিনই তিনি নিজে সেই নির্বাচনে অংশ নিয়েছিলেন।
টুকু আরও বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে জনগণের কাছে সুযোগ চাচ্ছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, যারা আজ সুযোগ চাচ্ছে তাদের ভূমিকা ১৯৭১ সালেই এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
দেশের অর্থনীতিতে জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পেছনে শহীদ প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণকে ছাড়া রাজনীতি সম্ভব নয় এবং মানুষকে শোষণ করে টিকে থাকা যায় না।
জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।