↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর ২০২৫, ৩:০৫ পি.এম

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন থেকে নির্বাচনের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁদের প্রতিনিধিরা এই মনোনয়নপত্রগুলো উত্তোলন করেন।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় দুপুর দেড়টায়। শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে তাঁর নির্বাচনি সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এটি সংগ্রহ করেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার সবচেয়ে বেশি ভোট উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে নেতাকর্মীরা কাজ করছেন এবং সাধারণ মানুষ তাঁকে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় দুপুর সাড়ে ১২টায়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়নপত্রটি গ্রহণ করেন। মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি বলেন, তারেক রহমানের এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া বগুড়াবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হলেও মনোনয়নপত্র তোলার মূল প্রক্রিয়ার সময় তাঁরা ভেতরে প্রবেশ করেননি। সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহের কাজ সম্পন্ন করার জন্য দলটির পক্ষ থেকে এই সতর্কতা অবলম্বন করা হয় বলে জানা গেছে।