টাঙ্গাইলে একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইলের দুটি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু। রোববার দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পারিবারিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন এবং ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তাদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু জানান, তারা নির্বাচনি আচরণবিধি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া দায়িত্ব পালনে তিনি বদ্ধপরিকর। টাঙ্গাইল সদর এলাকায় উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির রাজনীতির একজন প্রবীণ ব্যক্তিত্ব এবং দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং শিক্ষা ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর কারাভোগ শেষে তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এর আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক। দলীয় সূত্র মতে, রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে প্রায় ৩৫০টি মামলা করা হয়েছিল এবং তিনি দীর্ঘ ৫ বছর কারাভোগসহ বেশ কয়েকবার রিমান্ডের মুখোমুখি হয়েছিলেন।