↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর ২০২৫, ১:৪৭ এ.এম

‘সামনের দিনগুলো খুব ভালো দিন নয়, সজাগ থাকুন’: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে গণতন্ত্রে বিশ্বাসী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান বলেন, শহীদ হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি উল্লেখ করেন, যদি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও যোদ্ধা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হয়, তবে আমাদের লক্ষ্য হতে হবে দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন নিশ্চিত করা। এ সময় তিনি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সাবেক স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনরায় গড়ে তুলতে কঠোর পরিশ্রম প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, “সামনের দিনগুলো খুব ভালো দিন নয়। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

ভবিষ্যৎ বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা ও নতুন প্রজন্মের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজকে শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে তিনি স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়েছিলেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ ও কাজী রফিকুল ইসলামসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।