আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিন বিকেল ৩টার দিকে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে তিনি এখনো ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় এখন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দেশে ফিরছেন। লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২০ ফ্লাইটে তার টিকিট বুকিং করা হয়েছে। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেয়েছে দলটি। প্রিয় নেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে এবং তাঁকে বরণ করে নিতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া তাঁর থাকার জন্য নির্দিষ্ট বাড়িও ঠিক করা হয়েছে।
তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি জাতীয় রাজনীতি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।