↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:৫৬ পি.এম

দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতির নতুন কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি আন্দোলনের প্রচারের স্বার্থে এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার (২২ ডিসেম্বর) উত্থাপিত তিন দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা তাকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গে বলেন, তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে শামিল হবেন এবং সংহতি প্রকাশ করবেন বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই বর্তমান সরকারকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে বলেন, “ওসমান হাদির হত্যার বিচার না হলে একদিন আপনাদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে।” তিনি আরও মন্তব্য করেন যে, জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী এবং সরকার কোনোভাবেই এই হত্যার দায় এড়িয়ে যেতে পারে না।

ইনকিলাব মঞ্চের এই নতুন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও সর্তকতা লক্ষ্য করা গেছে। এখন দেখার বিষয়, ঘোষিত দাবি আদায়ে সরকার কী ধরনের পদক্ষেপ নেয় এবং ২৬ ডিসেম্বর সংগঠনটি কী নতুন কর্মসূচি ঘোষণা করে।