মহান রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি প্রিয় মাতৃভূমিতে পা রাখেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে আরোহণ করেন। এর কিছুক্ষণ পরেই ৩টা ৫৭ মিনিটে তিনি উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ এরপর তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।’
বক্তব্যে তারেক রহমান দেশের মানুষের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্র গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ বোধ করবেন। তিনি উল্লেখ করেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন।’
তারেক রহমান আরও যোগ করেন যে, তার লক্ষ্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা যেখানে নারী, পুরুষ কিংবা শিশু—পরিচয় যাই হোক না কেন, ঘর থেকে বের হওয়ার পর যেন প্রত্যেকেই নিরাপদে পুনরায় ঘরে ফিরে আসতে পারেন। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।