↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ এ.এম

বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর সড়ক ও পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে বিএনপি। আজ শুক্রবার সকাল থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভূতপূর্ব জনসমাবেশের ফলে বিমানবন্দর সড়ক, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে ও এর সংলগ্ন এলাকায় যে বর্জ্য ও আবর্জনা তৈরি হয়েছে, তা দ্রুত সরিয়ে ফেলা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথ এবং সংলগ্ন এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাগমের ফলে এসব এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হওয়ায় জনস্বার্থ বিবেচনায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, জনস্বার্থ রক্ষায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম আজ সকালে শুরু হবে। একইসঙ্গে এই উদ্যোগে যেসব নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন, তাদের তিনি অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন এবং গতকালের সমাবেশে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।