শহীদ জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নিজের বাবা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে পৌঁছান।
এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাধিতে পৌঁছানোর পর তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সমাধিসৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ভিড় জমান। নেতার আগমনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে তারেক রহমানের সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। দেশে ফেরার দিন বিকেলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আজ নিজ জন্মভূমিতে ফেরার পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচি।