গুলিস্তানের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ‘খদ্দর বাজার সুপার কমপ্লেক্স’ নামের একটি আট তলা বাণিজ্যিক ভবনের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সংবাদ পাওয়ার পাঁচ মিনিটের মাথায় অর্থাৎ বিকাল ৫টা ৩৩ মিনিটে তাদের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘিঞ্জি এলাকা এবং রাস্তায় মানুষের ব্যাপক ভিড় থাকায় শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হলেও কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুনের ফলে সৃষ্ট কালো ধোঁয়ায় জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা ছেয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী ভবনগুলো থেকেও মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকাল পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এর সূত্রপাত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।