↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২৫, ১:০৪ এ.এম

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু সময় পর তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৭ মিনিটে তিনি নিজ গাড়িতে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে এদিন বিকেল ৫টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলানগর থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন। সাভারে যাওয়ার পথে বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক সংখ্যক বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

বিএনপির এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ঢল নামে। বিকেল থেকেই নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত পুরো এলাকা জনারণ্যে পরিণত হয়। নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা। পুরো এলাকা ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক হিমশিম খেতে হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডন প্রবাসে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন এলাকায় ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগম ঘটে। দেশে ফেরার পর পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করলেন।