↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ মার্চ ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২৫, ১:৫৯ পি.এম

শহীদ ওসমান হাদি ও জাতীয় কবির মাজার জিয়ারত করলেন তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান।

শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার পাশাপাশি তারেক রহমান একই প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারও জিয়ারত করেন। জিয়ারতের সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য নির্ধারিত রয়েছে নির্বাচন কমিশন অফিস। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন বা নিবন্ধনের কাজ সম্পন্ন করবেন।

উল্লেখ্য যে, আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল তারেক রহমানের। তবে হাসপাতালটিতে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ চিকিৎসাধীন না থাকায় শেষ মুহূর্তে ওই কর্মসূচিটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।